চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরের মীর কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে গেল। এতে বয়সের ভারে নুয়ে যাওয়া মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণার পাশাপাশি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানালেন।মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন থেকে অনুষ্ঠানে আসেন মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম (৭১)। তিনি প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করতে হবে। তিনি রাজাকারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।মিরসরাই মুক্তিযোদ্ধা পুনর্মিলনী পরিষদ এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে বেলা সাড়ে ১১টার দিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন।পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, সদস্য-সচিব এমদাদ হোসেন প্রমূখ।