যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি
কিশোরগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক শ কৃতী শিক্ষার্থী যুদ্ধাপরাধীদের বিচারের জোরালো দাবি জানিয়েছে। নোয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে হাজির হয় শিক্ষার্থীরা। বরগুনায় কৃতী শিক্ষার্থীরা তাদের দুঃখগাথা ও সংগ্রামের কাহিনি শোনায়। সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়তে চায় মানিকগঞ্জ ও শেরপুরের কৃতী শিক্ষার্থীরা। প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি ‘রবি’র উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে গতকাল রোববার পাঁচটি স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জমাদক, মুখস্থ ও ইভ টিজিংকে ‘না’ এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কিশোরগঞ্জের ৬৭৫ কৃতী শিক্ষার্থী। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলোর কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা স্বাগত বক্তব্য দেন। অধ্যক্ষ আরজ আলী ও রবীন্দ্রনাথ চৌধুরী, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মেহেদী মাসুদ, রবির আঞ্চলিক ব্যবস্থাপক জাহিদুল আহসান, বাদল রহমান, সনাকের আহ্বায়ক মায়া ভৌমিক, শিক্ষক শাহনাজ কবীর, এ কে এম আবদুল্লাহ, বন্ধুসভার স্বপন কুমার বর্মণ, শিক্ষার্থী মারজান তাসনিম প্রমুখ বক্তব্য দেন।কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে জাতিকে ঐক্যবদ্ধ করতে কিশোরগঞ্জের এই কৃতীরাই বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।’ ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বালক উচ্চবিদ্যালয় ও বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। নোয়াখালীগুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকে কৃতী শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন হাজারখানেক শিক্ষার্থীর পদচারণে মুখর হয়ে ওঠে। বেলা পৌনে ১১টায় অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সদস্য খাদিজা আক্তার।অনুষ্ঠানে অধ্যক্ষ নিমাই চাঁন বিশ্বাস, মো. শাহাব উদ্দিন ও মো. ওহিদুল হক, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরূপ দত্ত, রবির আঞ্চলিক ব্যবস্থাপক তাজুল ইসলাম, শিক্ষক মো. আবদুল মতিন, মতি লাল সাহা, সুপাল চন্দ্র শীল প্রমুখ বক্তব্য দেন।জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী জিলা স্কুল, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও নোয়াখালী ইসলামীয়া কামিল মাদ্রাসাকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। বরগুনা‘আমি খুব কষ্ট করে লেখাপড়া করছি। বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে যা পান, তাই দিয়ে সংসার চালিয়েছেন। ঘূর্ণিঝড় সিডরে মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন আমরা থাকি ছোট্ট একটা খুপরিতে। ভাবছিলাম, আমার আর পড়াশোনা হবে না। কিন্তু মনটাকে শক্ত করে পড়াশোনা চালিয়ে গেছি। জিপিএ-৫ পেয়ে আজ আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। আগামীতেও ভালো ফলাফল করে সবার মুখ উজ্জ্বল করব।’ গতকাল সকালে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলল বরগুনা সদর উপজেলার আমতলী গ্রামের ‘অদম্য মেধাবী’ সাজেদা আক্তার। জেলার প্রায় চার শ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের সূচনা হয়। এতে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ রাজিয়া বেগম, শিক্ষক নূরুল ইসলাম, শিক্ষক মো. শাহজাহান মিয়া, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ, রবির আঞ্চলিক ব্যবস্থাপক খালিদ বিন জালাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর বরগুনার নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন শুভেচ্ছা বক্তব্য দেন। গান গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী ইফতেখার শাহিন, কাওসার মাহমুদ, স্বপন সাহা ও রিমা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে খুদে শিল্পী সমরিতা তাজবিন। অনুষ্ঠানে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরূপ আমতলীর চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, আমতলী পিকে মাধ্যমিক বিদ্যালয় ও বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।মানিকগঞ্জ‘আজ আমরা তরুণ, একদিন এই তরুণেরাই সমাজ বদলের হাতিয়ার হব। প্রথম আলো যেমন সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে, আমরা সেই ডাকের সারথি হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।’ গতকাল শহরের ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী মিলনায়তনে মানিকগঞ্জের আড়াই শতাধিক শিক্ষার্থী এই অঙ্গীকার করে।বেলা ১১টায় বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এর পরই সেরা শিক্ষাপ্রতিষ্ঠান মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং শিবালয় সরকারি উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক সুনীল চন্দ্র রায়, দীপক কুমার ঘোষ, মো. হাবিবুর রহমান, মহিমচন্দ্র শীল, আবদুস সালাম, আহাম্মদ উল্যাহ ও মো. মঞ্জুর রহমান, রবির আঞ্চলিক ব্যবস্থাপক হোসাইন আহমেদ আল মাহবুব, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অরূপ রায় ও শিক্ষার্থী লাইলুন নাহার প্রমুখ বক্তব্য দেয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার সভাপতি আমিনুর রহমান। শেরপুর অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়, মাদক ও ইভ টিজিং প্রতিরোধ করার শপথ নেয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ সুধাময় দাস।অনুষ্ঠানে অধ্যক্ষ এ কে এম জাওয়াদুল হক, মো. মাহবুবুর রহমান ও মাওলানা মো. ফজলুর রহমান, শিক্ষক বেগম সাঈদা খাতুন, জীবন কৃষ্ণ বসু, মো. রফিকুল ইসলাম, কোহিনুর রুমা, রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল কাইয়ুম, শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও ফারজানা ইয়াছমীন প্রমুখ বক্তব্য দেন।শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল গনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যারা এ দেশে মাদকের অপব্যবহার করে এবং নারীদের উত্ত্যক্ত করে সমাজকে অস্থিতিশীল করে তুলছে, তাদের প্রতিরোধে আজ তোমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।’পরে সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, ইমামবাড়ি উচ্চবিদ্যালয় ও নবীনগর আদর্শ বিদ্যাপীঠকে সম্মাননা স্মারক দেওয়া হয়। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার সভাপতি মলয় চাকী।