যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল ১৪ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যশোরে দিবসটি পালিত হয়েছে। ভোরে শহীদদের স্মরণে শহরের চাঁচড়া বধ্যভূমির বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জাতির মেধাবী সন্তানসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দালন চালিয়ে যাওয়ার শপথ নেওয়া হয়। শপথবাক্য পাঠ করান যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি দীপঙ্কর দাস।গোপালগঞ্জ: সকাল সাড়ে ছয়টায় জেলা উদীচী সংসদ শহরের পৌরপার্কের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পদক মহিবুল্লাহ মুকুল, প্রফুল্ল বল প্রমুখ।কিশোরগঞ্জ: বিকেলে ঘাতক দালাল নির্মূল কমিটি স্টেশন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় একাত্তরের ঘাতকদের বিচারের দাবি জানানো হয়। কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান।রাজশাহী বিশ্ববিদ্যালয়: দিবসটি পালন উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য এম নূরুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রগতিশীল শিক্ষকসমাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল নয়টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য এম আলাউদ্দিনের নেতৃত্বে একটি শোক শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্তবাংলার সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়।নোয়াখালী: সকাল নয়টায় প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী এবং কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার মোস্তাফিজুর রহমান। এরপর শহীদ মিনার চত্বরে শিক্ষক সমিতির উদ্যোগে ‘সকল যুদ্ধাপরাধী ফাঁসির মঞ্চে যাবি’ বিষয়ের ওপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।