যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুততম সময়ে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির, অফিসার্স সমিতির সভাপতি এ টি এম আবদুল হান্নান, কর্মচারী সমিতির সভাপতি আব্বাস আলী তালুকদার, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শরীফুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য দেন। বক্তারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুততম সময়ে বিচারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতিসাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি দম্পতির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা। এক বিবৃতিতে তাঁরা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারের দুঃশাসনের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বলে এখন আর কিছু নেই। বিবৃতিতে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন: সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক এনামুল হক খান, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মোজাম্মেল হক, শামীমা সুলতানা প্রমুখ।