যুদ্ধাপরাধীদের নামে প্লট বরাদ্দ আছে কি না, তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সরকারের সময় ১৯৯১-৯৬ ও ২০০১-০৬ সালে যুদ্ধাপরাধীদের নামে রাজউকের কোনো প্লট বরাদ্দ করা হয়েছে কি না, সেটা তদন্ত করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, নিয়মবহির্ভূতভাবে জামায়াতের বিভিন্ন নেতা, সাজা পাওয়া ও অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক প্লট বরাদ্দ দিয়ে থাকলে সেটা তদন্ত করে দেখা হবে। সে রকম কাউকে পেলে ব্যবস্থা নেওয়া হবে।
২০০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে রাষ্ট্রীয়কাজের স্বীকৃতিস্বরূপ জামায়াতের সাবেক আমির ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীকে বনানীতে প্লট বরাদ্দ দিয়েছিল রাজউক।
গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদের যেসব সাংসদের ঢাকা শহরে প্লট বা ফ্ল্যাট নেই, তাঁদের জন্য কেরানীগঞ্জ মডেল টাউন আবাসিক প্রকল্পে প্লট বা ফ্ল্যাট সংরক্ষিত থাকবে। এ ছাড়া রাজউক কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ভবিষ্যতে প্রকল্প গ্রহণ করা হলে সেখানেও সাংসদসহ সব পেশার মানুষের জন্য প্লট ও ফ্ল্যাট বরাদ্দের সুযোগ থাকবে।
সরকারি দলের এনামুল হকের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৬-১৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে উপকারভোগীর সংখ্যা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৩১ লাখ ৫০ হাজার জনে উন্নীত করার এবং ভাতা ৪০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার পরিকল্পনা আছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুর পর এই মন্ত্রণালয়ে অন্য কাউকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়ায় বর্তমানে মন্ত্রণালয়টির দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত রয়েছে।
জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিদ্যমান শিক্ষানীতি অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তর হিসেবে বিবেচিত হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের কাজ শিগগির শুরু হবে।