যুদ্ধাপরাধীদের নামে প্লটের বিষয়ে তদন্ত হবে: পূর্তমন্ত্রী
যুদ্ধাপরাধীদের নামে সরকারি কোনো প্লট বরাদ্দ হয়েছে কি না, তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, বিএনপি সরকারের সময় ১৯৯১ ও ২০০১ সালে যুদ্ধাপরাধীদের নামে রাজউকের কোনো প্লট বরাদ্দ করা হয়েছে কি না, সেটা তদন্ত করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
সরকারি দলের সাংসদ হাবিবুর রহমান মোল্লার এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিয়মবহির্ভূতভাবে জামায়াতের বিভিন্ন নেতা, সাজা পাওয়া ও অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক প্লট বরাদ্দ দিয়ে থাকলে সেটা তদন্ত করে দেখা হবে। সে রকম কাউকে পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০০৬ সালে বিএনপির সরকারের সময়ে রাষ্ট্রীয় কাজের স্বীকৃতিস্বরূপ মৃত্যুদণ্ডে দণ্ডিত যুদ্ধাপরাধী ও জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে বনানীতে প্লট বরাদ্দ দিয়েছিল রাজউক।
সরকারি দলের অপর সাংসদ গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদের যেসব সাংসদের ঢাকা শহরে প্লট বা ফ্ল্যাট নেই, তাঁদের জন্য কেরানীগঞ্জ মডেল টাউন আবাসিক প্রকল্পে প্লট বা ফ্ল্যাট সংরক্ষিত থাকবে। এ ছাড়া রাজউক কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ভবিষ্যতে প্রকল্প গ্রহণ করা হলে সেখানেও সাংসদসহ সব পেশার মানুষের জন্য প্লট ও ফ্ল্যাট বরাদ্দের সুযোগ থাকবে।
নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তর
জাতীয় পার্টির সাংসদ মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, বিদ্যমান শিক্ষানীতি অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তর হিসেবে বিবেচিত হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের কাজ শিগগির শুরু হবে।
সরকারি দলের সাংসদ নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৬১০টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় চালু আছে। এর মধ্যে ৫৪৯টি এমপিওভুক্ত বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।
একই দলের গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত আছেন, তাঁদের অধিকাংশের মধ্যে কোচিং-বাণিজ্যে জড়িয়ে পড়ার প্রবণতা আছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের বদলির কাজ চলমান আছে।
বয়স্কভাতা পাবে আরও দেড় লাখ
সরকারি দলের সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ২০১৬-১৭ অর্থবছরে বয়স্কভাতা খাতে উপকারভোগীর সংখ্যা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৩১ লাখ ৫০ হাজার জনে উন্নীত করা এবং ভাতা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার পরিকল্পনা আছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুর পর এই মন্ত্রণালয়ে অন্য কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়ায় বর্তমানে মন্ত্রণালয়টির দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর রয়েছে।