যুদ্ধাপরাধীদের পক্ষে কেউ মাঠে নামলে প্রতিহত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। তাদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল তৎপর হয়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে কেউ মাঠে নামলে তাদেরও প্রতিহত করা হবে।গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ডিআইটি মাঠে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সারাহ্ বেগম কবরী এসব কথা বলেন। ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন থানা আওয়ামী লীগের সহসভাপতি এম এ আউয়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, ওই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ। সাংসদ সারাহ্ বেগম কবরী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধীরা যেসব অপকর্ম করেছে, সেগুলো ওই সময়কার পত্রপত্রিকায় উল্লেখ রয়েছে। সেসব তথ্য-প্রমাণের ভিত্তিতে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে।