সংসদে পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তানের অবস্থান গণহত্যার দায় স্বীকারের শামিল
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তানের অবস্থান নেওয়ার বিষয়টি একাত্তরের গণহত্যায় সম্পৃক্ততার দায়-দায়িত্ব স্বীকার করে নেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারি দলের সাংসদ পিনু খানের এক প্রশ্নের জবাবে আজ রোববার তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পাকিস্তান সরকার বারবার যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে। বিষয়টি প্রকৃতপক্ষে একাত্তরের গণহত্যায় সম্পৃক্ততা ও এর দায়-দায়িত্ব স্বীকার করে নেওয়ার শামিল। ১৯৭১ সালে পাকিস্তান সামরিক বাহিনীর গণহত্যার প্রত্যক্ষ সহযোগী যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিভিন্ন সময়ে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ ও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি দিয়েছে। বিষয়টি একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ। পাকিস্তানের এ ধরনের কর্মকাণ্ড ও মন্তব্য সম্পূর্ণ অসংগত, পক্ষপাতদুষ্ট, অগ্রহণযোগ্য ও শিষ্টাচারবহির্ভূত।
মাহমুদ আলী আরও বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ত্রিদেশীয় চুক্তিতে বাংলাদেশের গণহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো অপরাধের বিচার করা যাবে না বলে কোনো শর্ত ছিল না। বরং পাকিস্তানই ১৯৭১ সালে গণহত্যার জন্য চিহ্নিত ও আটককৃত নিজ দেশের নাগরিকদের বিচারের আওতায় আনার বাধ্যবাধকতা অনুসরণে ব্যর্থ হয়েছে। বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পাকিস্তানের কাছ থেকে ন্যায্য পাওনা আদায়ে বদ্ধপরিকর। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সব আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাওনার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ভারতের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অপরাধ বিষয়ে আইনি সহায়তা দেওয়া, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নিজ দেশে সাজার মেয়াদ ভোগ করার ব্যবস্থা করা, সন্ত্রাস, অপরাধ, মাদক পাচার রোধ ও মানব পাচার রোধে সমঝোতা স্মারক, জাল টাকার নোট প্রচলন রোধে সমঝোতা স্মারক ইত্যাদি।
প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী
এম এ মালেকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ও আরব আমিরাতের মধ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তি হস্তান্তর চুক্তি বিদ্যমান আছে।
এস এম জগলুল হায়দারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৪ মে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত (৬৫ দিন) সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণের জন্য কোস্টগার্ড ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত করা ও বিক্রি নিষিদ্ধ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করবে।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, র্যাবের কর্মকাণ্ড পরিচালনায় অফিস ভাড়া বাবদ বছরে ৬ কোটি ৪ লাখ টাকা ব্যয় হয়। তবে র্যাবের জন্য ভবন তৈরির বিষয়টি চলমান ও প্রক্রিয়াধীন আছে। এ জন্য ঢাকায় র্যাবের সদর দপ্তর, উত্তরা, মোহাম্মদপুর, খিলগাঁও, পল্লবী, কামরাঙ্গীরচর, গাজীপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর ও ময়মনসিংহের জমি অধিগ্রহণ করা হয়েছে।
ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জুলাই থেকে মে পর্যন্ত পাসপোর্ট অধিদপ্তর ৭৩১ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার টাকা রাজস্ব আদায় করেছে।
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনবল বাড়ানো প্রয়োজন। কারণ, বিজিবির তুলনায় প্রতিপক্ষ বিএসএফের জনবল প্রায় তিন গুণ বেশি।
মোহাম্মদ আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার ভারতের সঙ্গে এবং ২৭১ কিলোমিটার মিয়ানমারের সঙ্গে। দুই দেশের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত বিরোধ নেই।