যুদ্ধাপরাধীদের পক্ষে বক্তব্যের প্রতিবাদ করায় সাংসদ লাঞ্ছিত
ওয়াজ মাহফিলে যুদ্ধাপরাধীদের পক্ষে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করায় লাঞ্ছিত হয়েছেন কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর) আসনের সাংসদ রুহুল আমিন। গত মঙ্গলবার রাতে রাজীবপুর উপজেলার নয়াচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়াচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুপারসহ পাঁচ শিক্ষককে গতকাল বৃহস্পতিবার কারণ দর্শানোর চিঠি দিয়েছে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আবদুল বারেক জানান, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার রাতে মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, রংপুর বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম আবদুর রশীদ, রাজীবপুর উপজেলা জামায়াতের আমির আবদুল লতিফ প্রমুখ।
স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রত৵ক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওয়াজ মাহফিলে বক্তারা তাঁদের বক্তৃতা ও গজলের মাধ্যমে যুদ্ধাপরাধীদের পক্ষে জনমত সৃষ্টি এবং সরকারবিরোধী বক্তব্য দেওয়া শুরু করেন। তখন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ রুহুল আমিন রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানান। এ সময় জামায়াত-শিবিরের ২০-৩০ জন নেতা-কর্মীরা তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে লাঞ্ছিত করেন।
জাতীয় পার্টির (মঞ্জু) সাংসদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানের একপর্যায়ে তিনি দাঁড়িয়ে সবাইকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে তাঁর দিকে চড়াও হন। পরিস্থিতি দেখে তিনি সেখান থেকে চলে যান।
নয়ারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ বলেন, সাংসদ রুহুল আমিন চলে যাওয়ার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নয়ারচর বাজারে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নয়ারচর আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাহফিলের আয়োজক ও নয়ারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, ‘জামায়াত-শিবির এ ধরনের ঘটনা ঘটাবে বুঝতে পারিনি।’
ঢুসমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশৃঙ্খলার আগেই সাংসদকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।