যুদ্ধাপরাধীদের পার্টনারদের উচ্ছেদ এখন জাতীয় কর্তব্য

জঙ্গি দমনের পাশাপাশি যুদ্ধাপরাধী ও তাদের পার্টনারদের উচ্ছেদ করা এই মুহূর্তের প্রধান জাতীয় রাজনৈতিক কর্তব্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় স্বাগত ভাষণে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, গুলশান-শোলাকিয়ার পর বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে জঙ্গিবাদীদের বাঁচানোর অপপ্রয়াসের মধ্য দিয়ে খালেদা জিয়া আবারও প্রমাণ করলেন, জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের সঙ্গে তাঁর পার্টনারশিপের রাজনীতি অব্যাহত রয়েছে। একই কায়দায় যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদেরও বাঁচাতে চেয়েছিলেন। বিএনপি যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের সঙ্গে পার্টনারশিপের রাজনীতি ছাড়তে পারবে না। সে কারণেই জঙ্গিবাদ নির্মূলের প্রক্রিয়ায় যুদ্ধাপরাধী ও জঙ্গি পার্টনারদেরও উচ্ছেদ করতে হবে।
সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে তিনি বলেন, ‘জঙ্গিবাদবিরোধী অভিযানে সাফল্য অব্যাহত রাখতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা ও ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী নাগরিক কমিটির কাজ আরও সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, সহসভাপতি মীর হোসাইন আখতার, শাহ জিকরুল আহমেদ, আফরোজা হক, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, নুরুল আখতার, সাখাওয়াত হোসেন, ওবায়দুর রহমানসহ দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতারা।