যুদ্ধাপরাধীদের পাশাপাশি সংগঠনেরও বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির পাশাপাশি জড়িত সংগঠনের বিচার দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছয় দিনব্যাপী বিজয় উৎসব কর্মসূচির উদ্বোধনী দিনে এ দাবি জানানো হয়।
গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষী, কৌঁসুলি, তদন্ত কর্মকর্তা এবং জোটের নেতারা। এবারের উৎসবের স্লোগান ‘যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে ধার্য, গণহত্যাকারী সংগঠনের বিচার অনিবার্য’।
জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, আজকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ চলছে। কিন্তু ব্যক্তির শাস্তির পাশাপাশি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সংগঠনগুলোরও বিচার করতে হবে। কারণ, সংগঠনের নির্দেশেই এটি হয়েছে। জামায়াত নিষিদ্ধের পাশাপাশি যুদ্ধাপরাধী সব সংগঠনের বিচার দাবি করেন তিনি।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বাংলাদেশে এত স্বচ্ছভাবে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে, যেটা পৃথিবীর আর কোথাও হয়নি। আসামিপক্ষের আইনজীবীরা দিনের পর দিন সাক্ষীদের জিজ্ঞাসা করেছেন, তাঁরা আপিলের সুযোগ পেয়েছেন, এখন রিভিউয়ের সুযোগ পাচ্ছেন। এত স্বচ্ছভাবে বিচার-প্রক্রিয়া চলার পরেও কূপমণ্ডূকেরা প্রশ্ন তুলছেন।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই বিচারকাজ বন্ধ করতে আসামিপক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে। তারা সাক্ষীদের প্রলোভন দেখিয়েছে। বিদেশে টাকা খরচ করেছে। টাকার বিনিময়ে অনেকে যুদ্ধাপরাধীদের পক্ষে দালালি করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।’ এ বিচারকাজ সমাপ্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান বলেন, ‘১৯৭১ সালে যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, তাঁদের বেশির ভাগেরই হতদরিদ্র অবস্থা। আমি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষী খোঁজার জন্য সারা দেশ ঘুরেছি। তাঁদের চেহারা, পোশাকই বলে দেয় কতটা দুরবস্থা তাঁদের। অথচ রাষ্ট্রের উচিত এই বীরদের ভরণপোষণের ব্যবস্থা করা।’ ট্রাইব্যুনালের এই তদন্ত কর্মকর্তা বলেন, ‘১৯৭১ সালে তো অনেক সরকারি কর্মচারী, পুলিশ, আইনজীবী, ডাক্তারও ছিলেন। তাঁরা তো কেউ সাক্ষী হননি। সাক্ষ্য দিতে এসেছেন হতদরিদ্র মুক্তিযোদ্ধারা। আমি এই সাক্ষীদের নিরাপত্তা দাবি করছি। একই সঙ্গে বিচারকাজ কীভাবে চলে, সেটি সবাইকে দেখানোর ব্যবস্থা করতে পারলে ভালো হতো। কম্বোডিয়ায় সেটি আছে।’
ট্রাইব্যুনালের সাক্ষী মুক্তিযোদ্ধা শিরু বাঙ্গালি বলেন, ‘আমি গরিব মানুষ। সাকা চৌধুরীর বিরুদ্ধে আমি যেন সাক্ষ্য না দেই সে জন্য আমাকে কোটি টাকার লোভ দেখানো হয়েছে। এবার ট্রাইব্যুনালে সাক্ষী দিয়ে তাঁর ফাঁসি নিশ্চিত করতে পেরেছি, এটাই আমার বিজয়।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত বলেন, ‘১৯৭১ সালে যারা তরুণ প্রজন্ম ছিল, তারা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমিও সেই তরুণ প্রজন্মের একজন ছিলাম। সেদিন দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।’
আরেক কৌঁসুলি জেয়াদ-আল-মামুন বলেন, তরুণ প্রজন্ম আজকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছে। এ বিচারকাজ শেষ হবেই।
জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘শত্রুদের কাছ থেকে পালিয়ে আমরা রণাঙ্গনে যুদ্ধ করেছি। কিন্তু বীরাঙ্গনারা রক্ষা পায়নি। কাজেই আমি তাদের আহত মুক্তিযোদ্ধা বলার জন্য রাষ্ট্রকে প্রস্তাব দিচ্ছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঝুনা চৌধুরী, কবি মুহাম্মদ সামাদ ও হাসান আরিফ। আলোচনার শুরুতেই ঘোষণাপত্র পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার সাক্ষ্য-প্রমাণ ’৭১-এর গণহত্যা আবার তুলে ধরেছে। এ গণহত্যার যোগসাজশকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও তাদের প্রতিষ্ঠিত ঘাতক দল আলবদর, আলশামস বাহিনীর মুখোশ উন্মোচন করেছে। কাজেই নাৎসি পার্টির মতো এই সংগঠনগুলোরও বিচার করতে হবে।
জাতীয় সংগীত দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভার পর ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।