যুদ্ধাপরাধীদের ফাঁসি জামায়াত নিষিদ্ধে মানববন্ধন
রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে হাতে হাত রেখে শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানাল। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জামায়াত-সমর্থিত সমমনা ইসলামী ১২ দলের ডাকা হরতালকে উপেক্ষা করে মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে একটি মাদ্রাসাসহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয় এ কর্মসূচিতে।শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন আর ব্যানার হাতে ৩০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করে। মানববন্ধনে অংশ নেওয়া মাওলানা নজির আহামঞ্চদ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সোলায়মান বাদশা জানায়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। কারণ যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে। জোরাগঞ্জ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলে, ‘আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। তবে এটুকু জানি রাজাকাররা আমাদের স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করে নির্যাতন ও জুলুম করেছে। আমি তাদের ফাঁসি চাই।’ কর্মসূচিতে অংশ নেয় জোরারগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ মহিলা কলেজ, মাওলানা নজির আহামঞ্চদ দাখিল মাদ্রাসা, জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়, জেবি উচ্চবিদ্যালয় ও জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।মানববন্ধনের একপর্যায়ে মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে জোরারগঞ্জ পৌঁছেন। তিনি বলেন, বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। যত বাধাই আসুক যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে।