যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহবাগের ঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ। গানে-স্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ করা হয়েছে। তবে ঢাকার সঙ্গে তাল মিলিয়ে আজ মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হবে প্রার্থনা। গতকাল সকাল থেকে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের কার্যক্রম শুরু হয়। এ সময় ভাষাশহীদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো পর সন্ধ্যায় শাহবাগে কর্মসূচি ঘোষণার পর এ সংহতি জানানো হয়। চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, ‘শাহবাগের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল (শুক্রবার) প্রতিটি মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে আমরা প্রার্থনায় অংশ নেব। এ ছাড়া প্রতি শুক্রবার এবং যুদ্ধাপরাধীদের রায়ের আগের দিন ও রায়ের দিন গণজমায়েত করব।’সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায় ঘোষিত হওয়ার পর চট্টগ্রামে প্রথম প্রতিবাদ কর্মসূচি দেয়। এরপর বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এতে যোগ দেন। গতকাল গণজাগরণ মঞ্চে ছিল সর্বস্তরের মানুষের ভিড়। জাগরণের গান ও স্লোগানে তাঁরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মুখর হয়ে ওঠেন। এ সময় প্রতীকী শহীদ মিনার তৈরি করে তাতে ফুল দেন গণজাগরণ মঞ্চে সমবেত নর-নারী।