গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, ‘শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে সমগ্র বিশ্ব আজ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার। এটি আজ গণদাবি থেকে বিশ্ববাসীর দাবিতে পরিণত হয়েছে।’গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত জনতার উদ্দেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনে জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ। প্রতিমন্ত্রী এরপর নিজ এলাকা দোহার উপজেলা জয়পাড়া মডেল স্কুল অ্যান্ড কলেজ শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান। এ সময় তিনি দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন।