একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় ঘোষণা এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে চট্টগ্রামের সাধারণ মানুষ। গতকাল বুধবার বিকেলে নগরের পাহাড়তলী বধ্যভূমিতে আয়োজিত সমাবেশে এই শপথ নেয় তারা। গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে নারী-শিশু, শিক্ষার্থী, তরুণ, মুক্তিযোদ্ধা, বিভন্ন ছাত্র ও পেশাজীবী সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীসহ সব শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর ডাকা আজ বৃহস্পতিবারের হরতাল প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়। গতকাল বেলা তিনটায় ‘ও আমার দেশের মাটি’ গানের মধ্য দিয়ে পাহাড়তলী বধ্যভূমিতে সমাবেশ শুরু হয়। এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ ও শাহবাগ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশের আগে গতকাল দুপুর থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে মিছিল। বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশে শপথবাক্য পাঠ করান আশিকুজ্জামান চৌধুরী নামের এক তরুণ। হাজারো মানুষ হাত তুলে শপথ করে, ‘কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর মৃত্যুর রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন চলবে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত। পাশাপাশি যুদ্ধাপরাধীদের সব আর্থিক প্রতিষ্ঠান আমরা বর্জন করব।’ শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক এ কিউ এম সিরাজুল ইসলাম, সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান প্রমুখ। সমাবেশে অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম চট্টগ্রামের পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়। সমাবেশে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। শপথ গ্রহণ শেষে পাহাড়তলী বধ্যভূমি থেকে একটি মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।