যুদ্ধাপরাধীদের ফেরত চাইবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীর মধ্যে যাঁরা এখনো বেঁচে আছেন, বাংলাদেশ তাঁদের বিচার করার জন্য ফেরত চাইবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার এ জন্য পাকিস্তানকে চিঠি লিখবে।
গতকাল বুধবার রাজধানীর বিস মিলনায়তনে গণহত্যা দিবসের সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর স্থানীয় দোসরদের বিরুদ্ধে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তারা পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিষয়েও তদন্ত করেছেন।
২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এই সেমিনারের আয়োজন করে। উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের পাশাপাশি একটি কর্ম অধিবেশনে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারের কী করা উচিত, তা নিয়ে কথা বলেন বক্তারা।
১৯৭৪ সালের ৯ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্বাক্ষরিত এক ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী এই ১৯৫ যুদ্ধাপরাধীকে পাকিস্তানের কাছে তুলে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘অনেকে বলে থাকেন, ওই চুক্তি অনুযায়ী তাঁদের বিচার করা যাবে না। আমি তাঁদের সঙ্গে দ্বিমত পোষণ করি। ওই চুক্তির শর্তে বলা হয়েছিল, যারা পাকিস্তানে ফিরে যেতে চায়, তাদের ফিরিয়ে নেবে পাকিস্তান। পাকিস্তান যখন তার দায়িত্ব পালন করবে, তখনই ওই ১৯৫ জন সামরিক কর্মকর্তার বিচার করবে না বাংলাদেশ। পাকিস্তান তাদের দায়িত্ব পালন করেনি। চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।’
আন্তর্জাতিক আইনজীবী ও কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পায়াম আখাভান স্কাইপির মাধ্যমে সেমিনারে বক্তৃতা করেন। তিনি বলেন, গণহত্যার স্বীকৃতির জন্য বাংলাদেশ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারে। এ ক্ষেত্রে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য পাকিস্তানকে নির্দেশ দিতে পারেন আদালত।
সেমিনারের উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, একাত্তরের গণহত্যা নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল দেশে-বিদেশে প্রশ্ন তুলছে। তাদের সেই অপচেষ্টার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে।
বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তৃতা করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি একাত্তরের পর থেকে এ পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা, বই ও গণমাধ্যমের সূত্র ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার একটি চিত্র তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়) মাহবুব জামানের সভাপতিত্বে কর্ম অধিবেশনে মানবাধিকারকর্মী জুলিয়ান ফ্রান্সিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুপার নিউমারি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বক্তৃতা করেন।