যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি উঠেপড়ে লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি উঠেপড়ে লেগেছে। কারণ তারা জানে, জামায়াত না থাকলে তারা ক্ষমতায় যেতে পারবে না।মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বিজয় মেলা মঞ্চে গতকাল রোববার সন্ধ্যায় ‘যুদ্ধাপরাধীদের বিচার ও জাতির করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বায়েজীদ আককাস, অর্থবিষয়ক সম্পাদক মমতাজ লফিত, জেলা সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার প্রমুখ।শাহরিয়ার কবির বলেন, একাত্তরে ৩০ লাখ মানুষ নিহত ও তিন লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারে যে আইন করেছিলেন, তাতে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ রয়েছে। পৃথিবীর কোথাও এই আইন নেই। তাঁদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল কী রায় দেবে, তা জানা নেই। কিন্তু এ রায় সবাইকে মেনে নিতে হবে।শাহরিয়ার কবির বলেন, যুদ্ধাপরাধ এমন একটি অপরাধ, যেখানে চরম নৃশংসতার ঘটনা ঘটে এবং মানবতা চরমভাবে লঙ্ঘিত হয়। এর বিচার যেকোনো রাষ্ট্র করতে পারে। তিনি বলেন, জামায়াতের গঠনতন্ত্র সংবিধান পরিপন্থী। এ জন্য দলটির নিবন্ধন বাতিল করতে হবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে প্রবাসী এক আইনজ্ঞের সঙ্গে একজন বিচারকের স্কাইপ কথোপকথন একটি জাতীয় পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশ করেছে। এটি সাংবাদিকতার নীতিবিরোধী বলে তা প্রকাশ করা ঠিক হয়নি।