যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি মরণকামড় দিচ্ছে: আইন প্রতিমন্ত্রী
যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি এখন মরণকামড় দিচ্ছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল শুক্রবার রাজধানীতে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘যুদ্ধাপরাধ বিচারে ঐকমত্য: বাধা, প্রতিরোধ’ শীষর্ক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন এর আয়োজন করে। সিরাজগঞ্জে ইচ্ছাকৃতভাবে নাশকতা ঘটিয়ে ছয়জনকে হত্যা করা হয়েছে অভিযোগ করে আইন প্রতিমন্ত্রী বলেন, এর দায় কে নেবে? খালেদা জিয়ার বিরুদ্ধে এ জন্য মামলা করা উচিত। আলোচনা সভায় বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বিএনপি জামায়াতের পকেটে ঢুকে গেছে। এ কারণে খালেদা জিয়াকে এখন যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কথা বলতে হয়। জনতার প্রত্যাশার আহ্বায়ক এম এ করিমের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল নূরজাহান বেগম প্রমুখ বক্তব্য দেন।