গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, মুক্তিযুদ্ধের সংগঠকের স্ত্রী হয়েও স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।আব্দুল মান্নান খান বলেন, সব বাধা অতিক্রম করে এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আব্দুল মান্নান খান বলেন, ‘স্বার্থান্বেষী কয়েকটি মহল স্বাধীন দেশের সব সুযোগ-সুবিধা ভোগ করেও পাকিস্তানি দোসরদের স্বার্থ রক্ষা করে চলেছে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে এই দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’প্রতিমন্ত্রীর প্রশ্ন, খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা সংগঠকের স্ত্রী হওয়া সত্ত্বেও কীভাবে বলেন, দেশে কোনো যুদ্ধাপরাধী নেই? তিনি কি যুদ্ধাপরাধীদের বিচার চান না?অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহসান, আনার কলি, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, ফজলুল হক, মোতালেব খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সুরুজ আলম প্রমুখ।