আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘যতই বাধাগ্রস্ত করার চেষ্টা করা হোক, যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই। এই বিচার আন্তর্জাতিক মানের হবে, এ নিশ্চয়তাও আমরা দিচ্ছি।’গতকাল শনিবার বরগুনার আমতলী উপজেলার ইউটিঅ্যান্ডডিসি হলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের সংখ্যালঘু সম্প্রদায়সহ আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর বিএনপি-জামায়াত জোট সরকার চরম নির্যাতন-নিপীড়ন চালিয়েছিল। সে বিষয়ে সুপ্রিম কোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের নির্দেশ অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে। এখন বিএনপি সরাসরি যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলতে শুরু করেছে। এদিকে নারী উন্নয়ননীতি নিয়ে আমিনী যে আস্ফাালন করছেন, তার খুঁটির জোর কোথায়? আমরা জানি বিএনপির জোরেই তিনি এমন করছেন।’ আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার। সভায় বক্তব্য দেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম প্রমুখ।