যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই: প্রধানমন্ত্রী
‘সাউথ এশিয়ান পিপলস ইউনিয়ন এগেইনস্ট ফান্ডামেন্টালিজম অ্যান্ড কম্যুনালিজম’ গতকাল সোমবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। গতকাল সকালে সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এ সংহতি প্রকাশ করা হয়। খবর বাসসের।প্রতিনিধিদলের সদস্যরা বলেন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার সমুন্নত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি। জবাবে প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আইনের শাসন নিশ্চিত করতে যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছভাবে এ দেশের মাটিতে হবেই।প্রতিনিধিদলে ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাংবাদিক শাহরিয়ার কবির ও অধ্যাপক মুনতাসীর মামুন, কানাডার মানবাধিকার অ্যাটর্নি উইলিয়াম স্লোন, যুক্তরাষ্ট্রের ড. নুরুন নবী, যুক্তরাজ্যের ড. বি বি চৌধুরী এবং পাকিস্তানের অ্যাডভোকেট জাফর মালিক।লোকসভার সাবেক স্পিকারের সাক্ষাৎ: সফররত ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমা গতকাল ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বৈঠককালে তাঁরা দুই প্রতিবেশী দেশের মধ্যে সংসদীয় গণতন্ত্র আরও জোরদারসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।