যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, ৩৫ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের কাজও খুব শিগগির শুরু হবে। এ জন্য সরকার বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি। গতকাল শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে তিন দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান। আরও বক্তব্য দেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌর প্যানেল মেয়র কাজী মতিউর রহমান, শিক্ষাবিদ মুহসিন আলী, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, আবদুল ওয়াদুদ ও মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব মলয় চাকী।মলয় চাকী জানান, মেলায় ৩৪টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।