আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে আজ শুক্রবার বিকেল পাঁচটায় গণভবনে। বৈঠকে ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদেরও ডাকা হয়েছে। ফলে একে বর্ধিত সভাও বলা হচ্ছে। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার, ছাত্রলীগ-যুবলীগের কর্মকাণ্ডে সরকার ও দলের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তা তুলে ধরে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন তাঁরা। একই সঙ্গে তৃণমূল অনেক নেতা মনে করেন, সরকার ক্ষমতায় থাকলেও দলীয় কর্মকাণ্ডে গতি কমেছে। সরকার ও দলের মধ্যে সমন্বয়েরও অভাব রয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাবেন। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস ও পানি সমস্যার কারণে মানুষের দুর্ভোগ এবং সরকারের প্রতি মানুষের মনোভাব তুলে ধরবেন তৃণমূল নেতারা। সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় পরিসরে এ বৈঠক হওয়ায় অনেক মন্ত্রী তাঁদের কাজের জন্য তোপের মুখে পড়তে পারেন বলে কয়েকজন তৃণমূল নেতা জানিয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তৃণমূল নেতা বলেন, তাঁর এলাকায় সাংসদের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের দূরত্ব সৃষ্টি হয়েছে। ফলে দলীয় কর্মকাণ্ডেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এসব বিষয় তাঁরা সভানেত্রীকে জানাবেন। উত্তরবঙ্গের এক প্রতিনিধি জানান, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিলেও দলের নেতা-কর্মীদের এ বিষয়ে খুব একটা সম্পৃক্ত করা হয়নি। ফলে এ বিষয়ে দলের নেতা-কর্মীরাও অন্ধকারে আছেন। তাই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুনির্দিষ্ট দিকনির্দেশনা চাইবেন তিনি।আরেক তৃণমূল নেতা বলেন, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নয়—এটা বলে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়া যাবে না। তাই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন তিনি। অন্যদিকে তৃণমূল নেতাদেরও কেন্দ্র থেকে কিছু দিকনির্দেশনা দেওয়া হবে। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দলীয় অবস্থান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও ইতিবাচক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেওয়া হবে।