যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা মহানগর ইউনিট। ইউনিটের নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াত এ দেশে রাজনীতি করবে—এটা মেনে নেওয়া যায় না।জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আলশামসরা নারকীয় হত্যাকাণ্ড, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ করেছে। মানবতার বিরুদ্ধে এসব জঘন্য অপরাধ সংঘটিত করার কাজে যারা লিপ্ত ছিল, তাদের ক্ষমা নেই। তাদের মধ্যে আছেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মুহাম্মদ কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, মীর কাসেম আলী প্রমুখ। তাঁরা মুক্তিযুদ্ধের সময়ের মতো এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত করছেন।