কবি আসাদ চৌধুরী বলেছেন, ‘এক সময় দেশের বাইরে নিজের জাতিসত্তার পরিচয় দিতে লজ্জাবোধ করতাম। তবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের ফাঁসি কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ায় নিজেকে গর্বিত মনে করি। দেশের বাইরে বাঙালি পরিচয় দিতেও গর্ববোধ করি।’ তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না করতে পারলে এ জাতিকে অনেক মূল্য দিতে হবে।ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আজম ভূঞার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার স্মরণসভার আয়োজন করা হয়। জেলা শহরে সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মঞ্চে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদ চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বিলম্বিত না করে তা দ্রুত সম্পন্ন করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার হলেই আলী আজম ভূঞার মতো প্রগতিশীল দেশপ্রেমিক নেতাকে মর্যাদা দেওয়া হবে।আলী আজম ভূঞা স্মৃতি পরিষদের উপদেষ্টা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এমদাদুল বারী, পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক প্রমুখ। আলী আজম ভূঞা স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।