যুদ্ধাপরাধীদের বিচার করা সরকারের জন্য ‘ফরজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার করা ‘ফরজ’ বা অবশ্যপালনীয় কর্তব্য বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল বুধবার জাতীয় জাদুঘরে ‘একাত্তরের যাত্রী’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে বলেন, এ ‘ফরজ’ পালনে শেখ হাসিনার সরকার জনগণের দোয়া চায়।নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, ‘অনেকে ধর্মের দোহাই দেন। তাঁরা বলেন, ইসলাম ক্ষমার আদর্শে বিশ্বাসী। এ কথা সত্য। কিন্তু ইসলামই বলেছে, সন্তান তার পিতা হত্যার বদলা নেবে। স্ত্রী তার প্রিয়জন হত্যার বদলা নেবে। এটা ফরজ বা অবশ্যপালনীয়। আপনারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন তিনি এই ফরজ আদায় করতে পারেন।’মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লে. জেনারেল হারুন-অর-রশিদ (অব.) যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানালেও এর প্রক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিপুলসংখ্যক যুদ্ধাপরাধীর বিচারে একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। ঢিল ছুড়ে সমুদ্রে ঢেউ তোলা যায় না।’হারুন-অর-রশিদ বিচারকাজে নিয়োজিত কৌঁসুলিদের দক্ষতার ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা যখন রেসে নেমেছি, তখন প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সজাগ থাকতে হবে। খোঁড়া ঘোড়া নিয়ে রেসে নামা যায় না। আমরা বহুবার সরকারকে এ বিষয়ে জানিয়েছি।’অনুষ্ঠানের শুরুতেই একাত্তরের রণাঙ্গনে সম্মুখযুদ্ধ করেছেন কিংবা যুদ্ধাহতদের সেবা দিয়েছেন এমন কয়েকজন নারীকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন সন্ধ্যারানী সাংমা, কাঁকন বিবি, তারা বানু, ময়মনা, জলিকা, মালতি রানী, পুষ্পরানী, শিরীন বানু মিতিল, মাখদুমা নার্গিস, মমতাজ বেগম, তাহরীমা চৌধুরী, বকুল মোস্তফা ও রাশমণি চক্রবর্তী।মুক্তিযোদ্ধা কাঁকন বিবি তাঁর বক্তৃতায় চিৎকার করে বলেন, একমাত্র যুদ্ধাপরাধীদের বিচার হলেই তাঁর অন্তঃকরণ শান্তি পাবে। সুনামগঞ্জের সীমান্ত এলাকার বাসিন্দা কাঁকন বিবি মুক্তিযোদ্ধাদের খাবার ও অস্ত্র বহন করতেন।নারী মুক্তিযোদ্ধারা সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধে নারীর অবদান যথাযথভাবে স্মরণ করা হয় না।অনুষ্ঠানে গবেষক মালেকা বেগমের রচিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিশা আলী। মালেকা বেগম তাঁর গবেষণা প্রবন্ধে বলেছেন, ‘গণহত্যা ও নারী ধর্ষণের কথা সংবিধানে নেই। নেই নারী মুক্তিযোদ্ধাদের কথা। এসব বিষয়ে ২০০০ সালে দৃষ্টি দেওয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দল, ব্যক্তি ও কর্মকর্তাদের, নেতানেত্রীদের কোনো সচেতন উদ্যোগ নেই।’মহিলা গেরিলা স্কোয়াডের প্রধান ফোরকান বেগম বলেন, বহু নারী সম্মুখসমরে ছিলেন। কিন্তু তাঁদের একজনকেও বীর উত্তম বা বীর প্রতীক পদবি দেওয়া হয়নি।মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস বলেন, মুক্তিযুদ্ধের নারী বলতেই ধর্ষিতাদের কথা বলা হয়। কিন্তু তাঁদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া উচিত। আলাদাভাবে সংজ্ঞায়িত করার অবকাশ নেই।লেখক সারওয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ছিল বহুমাত্রিক। নারী অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, নারী শিল্পীরা গান গেয়ে উৎসাহ জুগিয়েছেন, তাঁরা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শফিউদদীন তালুকদার, ‘চেতনা ৭১’-এর সদস্যসচিব কেয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা তাহরীমা চৌধুরী, সাংবাদিক হারুন হাবীব প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরে পাকিস্তানি সেনাদের নির্যাতনের শিকার ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।