যুদ্ধাপরাধীদের বিচার কোনো শক্তি বন্ধ করতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে। কোনো শক্তি এই বিচার বন্ধ করতে পারবে না। আওয়ামী লীগ কোনো কথা দিলে তা বাস্তবায়ন করেই ছাড়ে।গতকাল শনিবার কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলো ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করার কথা বলেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছে। সেই বিচারের রায় হবে এবং তা বাংলার মাটিতে কার্যকর করা হবে। সৈয়দ আশরাফ গতকাল দিনভর বাজিতপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও কয়েকটি উন্নয়নকাজ উদ্বোধন করেন। তিনি পিরিজপুর বাজার ও বালিগাঁওয়ে পথসভা করেন।ডাকবাংলো ময়দানে জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাজিতপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হবে। এ ছাড়া বাজিতপুর ও নিকলীতে আধুনিক মিলনায়তন নির্মাণ করা হবে। ইতিমধ্যে ১৫০ কোটি টাকার কাজ শেষ করা হয়েছে। এর আগে পিরিজপুরের পথসভায় সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে। তাই গ্রামেগঞ্জে এমন কোনো জায়গা পাওয়া যাবে না, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। পিরিজপুরের আরও অনেক উন্নয়নমূলক কাজ বর্তমান মহাজোট সরকার করেছে।সৈয়দ আশরাফ বলেন, ‘আমার বাবা সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে স্বাধীনতাসংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। পঁচাত্তরের ১৫ আগস্টের পর তিনি বন্ধুর সঙ্গে বেইমানি করেননি। কিশোরগঞ্জের মাটি বেইমানের মাটি নয়।’ স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি তিনবারের সাংসদ, দুইবারের মন্ত্রী। আমি কোটি টাকার মালিক নই। আমার দুই কোটি টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্য নেই। আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাজিতপুরের জনসভায় বলেন, খালেদা জিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এ দেশে নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুসারে। যারা বায়তুল মোকাররম মসজিদে আগুন দিয়েছে, হামলা করেছে, তারা মুসলমান নয়, তারা কাফের। স্থানীয় সাংসদ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তৃতা করেন মিজবাহ উদ্দিন, আলাউল হক, শেখ এ কে এম নূরুন্নবী, আজহারুল ইসলাম, সুব্রত পাল, নাসিরুল ইসলাম খান প্রমুখ।