
দেশে যুদ্ধাপরাধীদের চলমান বিচারকাজ অব্যাহত থাকবে বলে দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুই বলেছেন, মহৎ অর্জনের জন্য মহান ত্যাগের দরকার। যেকোনো ত্যাগ স্বীকারে আমি সব সময় প্রস্তুত, এ দেশের জন্য। এ দেশের মানুষের জন্য।’
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘স্বজনহারাদের ব্যথা আমি বুঝি। একাত্তরে যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁদের দুঃখ-বেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করি। তাই যেমন আমার পিতা-মাতা, ভাইয়ের হত্যাকারীদের বিচার করেছি, তেমনি যাঁরা আপনজন হারিয়েছেন তাঁদের হত্যাকাণ্ডের বিচারও আমি করে যাচ্ছি এবং করে যাব। যতই বাধা, বিপত্তি, প্রতিকূলতা আসুক।’
বিকৃত ইতিহাস সৃষ্টির অপচেষ্টা থেকেই দেশে সামাজিক ব্যাধি জঙ্গিবাদের সৃষ্টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জাতি যদি বিকৃত ইতিহাস শুনতে থাকে, তাহলে তাদের চরিত্রও বিকৃত হয়ে যায়। সেই বিকৃতি এখন আমরা সমাজে দেখি। যেখান থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসের উত্থান ঘটে।’
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার পথে ছাত্রসমাজের বিরাট ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের হারিয়ে যাওয়া ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে হবে। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ছাত্রলীগকে একটা কথাই বলব, ছাত্ররা লেখাপড়া শিখবে, উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।’
বক্তব্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি সবাইকে পড়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে বঙ্গবন্ধুর ডায়েরিও সবার হাতে তুলে দিতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক-গবেষক সৈয়দ বদরুল আহসান। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
‘বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে চ্যাম্পিয়ন’: ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে চ্যাম্পিয়ন আখ্যা দেন। সাক্ষাতের বিষয়টি পরে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে হাইকমিশনার বলেন, ‘আপনারা অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে চ্যাম্পিয়ন। আমরাও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে চাই, বিশেষ করে জ্বালানি ও শিক্ষা খাতে।’ এ সময় সন্ত্রাসকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এই সমস্যা দূর করতে দেশব্যাপী গণসচেতনতা সৃষ্টির পদক্ষেপ নিয়েছে। নারীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
নরওয়ের সহায়তা কামনা: ঢাকায় নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত মেরেটে লুনডেমো সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষি ও জাহাজ নির্মাণশিল্প, মৎস্য খাতের উন্নয়ন, ব্যবস্থাপনা এবং উপকূল অঞ্চলে মেরিন মৎস্য প্রকল্পে যৌথ উদ্যোগে প্রকল্প গ্রহণে নরওয়ের সহায়তা চান।
বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশে শিপইয়ার্ড শিল্পের অগ্রগতির প্রশংসা করে বলেন, চট্টগ্রামে তাদের দুটি জাহাজ নির্মাণ করা হয়েছে। আরও চারটি জাহাজ নির্মাণের ব্যাপারে মধ্যস্থতা চলছে। রাষ্ট্রদূত বাংলাদেশে আরও বিনিয়োগের ব্যাপারে তাঁর দেশের আগ্রহের কথা জানান।