যুদ্ধাপরাধীদের বিচার জাতীয় দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতার পূর্বলগ্নে যাঁরা বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছেন, স্বাধীনতাযুদ্ধে যাঁরা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, তাঁদের বিচার করা আমাদের জাতীয় দাবি।’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এক আলোচনা সভায় এ কথা বলেছেন।‘মানবাধিকার পরিস্থিতি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক ওই সভায় সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম বলেন, মানবাধিকার সমুন্নত রাখতে হলে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে। না হলে মানবাধিকার কথাটি স্লোগানসর্বস্ব হয়ে যাবে। মানুষের সবচেয়ে বড় অধিকারটি হচ্ছে জীবনের অধিকার। সর্বাগ্রে এ অধিকার রক্ষা করতে হবে। গতকাল রোববার সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১১ উপলক্ষে এশিয়া হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন ওই আলোচনা সভার আয়োজন করে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্তই হচ্ছে গণতন্ত্র। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে মানবাধিকার প্রতিষ্ঠার ধারাও অব্যাহত থাকবে। তাই অগণতান্ত্রিক কোনো শক্তি যেন কখনো রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।