আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে হবে—এটাই এখন বিএনপি-জামায়াতের একমাত্র রাজনৈতিক ইস্যু। কারণ তারা জানে, মুক্তিযুদ্ধের সময় করা নিষ্ঠুরতা ও বর্বরতা নতুন প্রজন্ম জানতে পারলে বিএনপি-জামায়াতের রাজনীতি থাকবে না। এ জন্যই তারা এখন ঘাবড়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে উঠে-পড়ে লেগেছে।জাতীয় জাদুঘরে গতকাল রোববার জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ আলোচনা সভার আয়োজন করে।সৈয়দ আশরাফ বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথ গরম করুন। বিদ্যুৎ সমস্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে মিছিল-লংমার্চ করুন। এতে আমাদের আপত্তি নেই। কারণ এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে কর্মসূচি দিলে জনগণ তা মেনে নেবে না।’ তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী একবারও বলেননি যুদ্ধাপরাধীদের বিচার হোক। বরং তাঁরা পারলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেও নতুন দায়মুক্তি আইন করে ফেলতেন।স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। কোটি টাকার বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। প্রশাসনেও তাদের জেঁকে বসার সুযোগ করে দিয়েছে। এ জন্যই খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান না।’সৈয়দ আশরাফ ভারতের সঙ্গে করা ঋণ চুক্তি সম্পর্কে বিএনপির বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপি দেশের অবকাঠামোর উন্নয়ন চায় না। এ জন্য ভারতের সরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে করা চুক্তিকে বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি বলে মিথ্যাচার করছে। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, সরকার গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। সে জন্য চিকিৎসকদের গ্রামে যেতে হবে। এ জন্য কোনো সুযোগ-সুবিধা বৃদ্ধি, আইনের পরিবর্তন কিংবা আনুষঙ্গিক সাহায্য দরকার হলে সরকার দেবে। সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, স্বাচিপের চিকিৎসকেরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চিকিৎসকদের গ্রামে গিয়ে সেবা দিতে হবে। সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি হাসান মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, ডা. ইকবাল আর্সলান প্রমুখ।