যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছে। আন্তর্জাতিক এই সংস্থাটি মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো শক্তির কাছে মাথা নত না করে যেকোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করতে হবে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার আয়োজনে এ সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দুনন্দন দত্ত, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শামসুদ্দীন খালেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বহুজাতিক শক্তিগুলো পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এখনো যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ঠেকাতে তারা তৎপর। একাত্তরে তরুণেরা যেভাবে পাকিস্তানকে পরাজিত করে দেশ স্বাধীন করেছে, এবারও তরুণ সমাজ রাস্তায় নেমে সব ষড়যন্ত্র ঠেকিয়ে দেবে। তিনি বলেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে হত্যা-নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। একাত্তরের মতো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্য থাকলে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছে। সংস্থাটিকে তাদের বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। নইলে তাদের আমরা যুদ্ধাপরাধীদের সহযোগী বলতে বাধ্য হব। কিন্তু এত সব করে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। যথাসময়ে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের রায় কার্যকর করা হবে।’