যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পুলিশ, লেখকদের হত্যা
যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্যই পুলিশ, সৃজনশীল প্রকাশক ও লেখকদের একের পর এক হত্যা করা হচ্ছে বলে দাবি করেছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ। এ অবস্থা থেকে উত্তরণে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী ঐক্য গড়ার ডাক দেওয়া হয়েছে।
গতকাল বুধবার জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলা হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ আজিজ সুপার মার্কেট ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। সমাবেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে সাত দফা দাবি পেশ করা হয়। দাবি এবং সংগঠনের পক্ষ থেকে মূল বক্তব্য তুলে ধরেন নূর মোহাম্মদ তালুকদার।
সমাবেশে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য একের পর এক হত্যাকাণ্ড করে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আর বিএনপিও জামায়াতে ইসলামীকে নিয়ে দেশকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তাঁর উদ্দেশে বলেন, ‘আপনি গোয়েন্দা কর্মকর্তা নন। কোনটি জঙ্গিবাদ আর কোনটি জঙ্গিবাদ নয়, সেই ব্যাখ্যা আপনি দেবেন না।’ জাসদের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া বলেন, জঙ্গিরা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়। তারা এ দেশকে পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। জাসদের নেত্রী ও সাংসদ শিরিন আক্তার বলেন, খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্তরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে।
প্রবীণ রাজনীতিক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন নূর আহমেদ বকুল।