যুদ্ধাপরাধীদের বিচার তারা মেনে নিতে পারছে না: শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার পরাজিত শক্তিরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। যুদ্ধাপরাধীদের বিচার করে রাজাকারমুক্ত দেশ গড়তে পারলে, তারা আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে প্রচুর টাকা খরচ করছে। কিন্তু তাদের সে খায়েশ কোনো দিনই পূরণ হবে না।
আজ শুক্রবার দুপুরে স্থানীয় শেখ ফজলুল হক মনি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন।
বর্ধিত সভায় জেলা, উপজেলা ও গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।