সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনায় বক্তারা
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে আরও ট্রাইব্যুনাল চাই
দীর্ঘ ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এই বিচার ত্বরান্বিত করতে হবে। এ জন্য একটি ট্রাইব্যুনাল দিয়ে হবে না। আরও ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একাত্তরের সব যুদ্ধাপরাধীকেই বিচারের সম্মুখীন করতে হবে। গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরামের এক অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও একাত্তরের সব স্তরের যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারসহ বিচার বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তাঁরা এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই একাত্তরের সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলমত-নির্বিশেষে সর্বাত্মক সংগ্রাম অব্যাহত রাখার শপথ নেন। মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বীর উত্তম বলেন, ‘আমরা বিচার চাচ্ছি কেন? জাতির জীবনে যে কলঙ্ক লেপন করা হয়েছে, তা মুছতে। কারণ, যাঁরা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাঁরাই পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদ হয়েছেন।’ এ কে খন্দকার আরও বলেন, অনেকে বলেছেন, একটি ট্রাইব্যুনাল হলে চলবে না, আরও ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একাধিক ট্রাইব্যুনাল গঠন করার বিষয়ে চেষ্টা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্ল্যাহ বীর উত্তম বলেন, দালাল আইনের অধীনে সাড়ে ১১ হাজার ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু জিয়াউর রহমানের সময় ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর ওই দালাল আইন বাতিল করা হয়। এর ফলে সাজাপ্রাপ্ত সবাই খালাস পান। যাঁরা কারাবন্দি ছিলেন, তাঁরাও ছাড়া পান। দালাল আইন পুনর্বহালের দাবি জানিয়ে সফিউল্ল্যাহ বলেন, যাদের বিচার বাকি আছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা চলবে না। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। মুক্তিযুদ্ধে কে ফোর্সের সাব-সেক্টর কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে ৪০ বছর লেগেছে। দেশে ও বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শুধু তা-ই নয়, মানবতাবিরোধীদের পক্ষে বিদেশি লবিস্টও নিয়োগ করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে নতুন প্রজন্মকে উজ্জীবিত করার আহ্বান জানান হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘টার্গেট হতে হবে নতুন প্রজন্ম। মুক্তিযুদ্ধের রণধ্বনি “জয়বাংলা” ও এর অর্জন তুলে ধরে তাদের উদ্বুদ্ধ করতে হবে।’ দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে অভিষেক ও পরে আলোচনা সভা হয়। জাতীয় সংগীত পরিবেশন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেক্টর কমান্ডারস ফোরামের ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের নাম ঘোষণা করা হয়। এরপর লে. জেনারেল (অব.) হারুন-অর রশিদ সংগঠনের সদস্যদের শপথবাক্য পাঠ করান।আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে, কারা যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধে ওই মানবতাবিরোধীদের ভূমিকা কী ছিল—এসব নতুন প্রজন্মকে জানাতে হবে। গোলাম আযমসহ অন্যদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তাঁরা। ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফোরামের সাংগঠনিক সম্পাদক ম হামিদ, প্রচার সম্পাদক হারুন হাবিব, ঢাকা মহানগর কমিটির সভাপতি মোস্তফা মহসীন মন্টুসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।