যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরে গণসম্মিলন ও মানববন্ধন করেছে। এতে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র উন্মোচন করে তাদের বিচারের পাশাপাশি দ্রুত বাহাত্তরের সংবিধান পুনঃ প্রবর্তনের দাবি জানান। শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই গণসম্মিলনে সাংসদ মঈনুদ্দীন খান বাদল, সাবেক সেনাপ্রধান সফিউল্লাহ বীর উত্তম, লে. জেনারেল (অব.) হারুনুর রশীদ, পেশাজীবী নেতা ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন, আবুল হাশেম, শওকত বাঙালী ও বেদারুল আলম বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘একাত্তরে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা দেশ ও জাতির শত্রু। এত দিন পর তাদের বিচারের বিষয়টি সামনে এসেছে। দ্রুত এই বিচার শেষ করতে হবে।’