যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। মুক্তিযোদ্ধা জনতা-চট্টগ্রাম ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনস্থলে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষীদের মনোবল বাড়ানো। তাঁরা যেন নির্ভয়ে আদালতে এসে সাক্ষ্য দিতে পারেন, সেই নিশ্চয়তা দিতে হবে। তা না হলে মানবতাবিরোধীরা আবার ফণা তুলে দাঁড়াবে।আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মো. শাহাব উদ্দিন, কমান্ডার মোজাফফর আহমদ, কাউন্সিলর রেহানা বেগম, গিয়াস উদ্দিন, সংস্কৃতিকর্মী মৃণাল ভট্টাচার্য, রাশেদ হাসান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।