‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাজাকার-আল বদর-আল শামসরা আত্মসমর্পণ করেনি। তারা আত্মগোপনে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় ২৬ হাজার অপরাধীকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসেন। বাকি ১১ হাজার ৭০০ যুদ্ধাপরাধীর বিচারকাজ তখন শুরু হয়েছিল। এদের মধ্যে কারও কারও সাজাও হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পর সে প্রক্রিয়া থমকে যায়। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার মোতাবেক যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করায় আমরা আবার স্বপ্ন দেখছি। এ বিচারপ্রক্রিয়া দ্রুত করার দাবি জানাই।’ গতকাল শনিবার সিলেটে মানববন্ধন কর্মসূচি শেষে এ আহ্বান জানান সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সদস্য এস আই এম নূরুন্নবী বীরবিক্রম।সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেল সাড়ে তিনটায় মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে সেক্টর কমান্ডারস ফোরামের সিলেট বিভাগীয় কমিটির সদস্য ইনামুল হক চৌধুরী, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন আহমদ, উদীচীর সভাপতি আরশ আলী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলীসহ মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।কেন্দ্রীয় কর্মসূচি পালন শেষে বক্তৃতায় এস আই এম নূরুন্নবী বীরবিক্রম আরও বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। জীবিত থাকা অবস্থায় সে স্বপ্ন বাস্তবায়িত হবে কি না, আমরা সন্দিহান। যুদ্ধাপরাধীদের বিচার করার মধ্য দিয়ে অন্তত একটি স্বপ্নের বাস্তবায়ন আমরা দেখে যেতে চাই।’