যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিশু-কিশোরদের শরীর চর্চা ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সম্মাননা। প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন; হাসপাতাল, কারাগার ও শিশু সদনগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: দিবসের প্রথম প্রহরে নগরের ভুবনমোহন পার্কে স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান। এ ছাড়া রাজশাহী কলেজ শহীদ মিনারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।খুলনা: প্রথম প্রহরে খুলনার গল্লামারী মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করে। এরপর স্মৃতিসৌধে একে একে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-ছাত্র, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও বিএনপি নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। রংপুর: প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ রাজনৈতিক দল পুষ্পমাল্য অর্পণ করে। সকালে স্টেডিয়ামে শিশু-কিশোরদের শরীর চর্চা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার আয়োজনে শহরের সাতগাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। কারমাইকেল কলেজে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য উদ্বোধন করা হয়। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নানা অনুষ্ঠানের আয়োজন করে। কুমিল্লা: জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের উদ্যোগে বিকেল চারটায় ১০ হাজার লোকের বিজয় শোভাযাত্রা বের হয়। এর আগে বিজয়ের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। বগুড়া: প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ‘মুক্তির ফুলবাড়ি’তে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল নয়টায় শহীদ চান্দু স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।নোয়াখালী: রাত ১২টা এক মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মারণিক স্তম্ভে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে শহীদ ভুলু স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে জেলা শহরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। কুষ্টিয়া: রাত ১২টা এক মিনিটে কুষ্টিয়া জিলা স্কুল চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সকাল আটটায় কুষ্টিয়া কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে দুর্বাচারায় শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরে ফুল দেওয়া হয়। সন্ধ্যায় জেলা প্রশাসন দিবসটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।রাঙামাটি: যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবির মধ্য দিয়ে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসের শুরুতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসন, বিডিআর ও পুলিশের পক্ষ থেকে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের যে স্থানে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ শহীদ হয়েছিলেন, সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা সাড়ে ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।