যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি সিপিবির
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে রুখে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন তাঁরা। গতকাল সোমবার আয়োজিত ‘জাতীয় পতাকা মিছিল’ কর্মসূচির সমাবেশে তাঁরা এ দাবি ও আহ্বান জানান। বিজয়ের মাস ডিসেম্বরে ১১ দফা দাবিতে সিপিবি ঘোষিত সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, জামায়াতের ভূত এখন বিএনপির ঘাড়ে চেপে বসেছে। সম্প্রতি উদীচী ও বাউলদের ওপর ধর্মান্ধ মৌলবাদী শিবির হামলা করেছে। আর আওয়ামী লীগ শ্রেণীস্বার্থে প্রতিক্রিয়ার শক্তির সঙ্গে আপস করছে। সংবিধানে জিয়া ও এরশাদের অবৈধ সংশোধনী জায়েজ করে স্বাধীন বাংলাদেশের মৌলভিত্তির ওপর আঘাত হেনেছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আরব ও মধ্যপ্রাচ্যের সরকারগুলোর চাপে চিহ্নিত যুদ্ধাপরাধীদের সবাইকে গ্রেপ্তার ও শাস্তি দিতে সরকার গড়িমসি করছে। আমেরিকা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। পাক-হানাদার বাহিনীকে গণহত্যা চালাতে সাহায্য করেছিল। এখন তারা ট্রাইব্যুনালের কাজে বাধা সৃষ্টি করছে। সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন। সমাবেশে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সহিদুল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় নেতা মাহবুব আলম, আহসান হাবিব, লীনা চক্রবর্তী, সোহেল আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে শুরু হয়ে জাতীয় পতাকা মিছিল সোহ্রাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।