যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল গঠনসহ চার দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতি এ দাবি জানায়।দাবি আদায়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবে শিক্ষক সমিতি।সমিতির অন্য দাবিগুলো হলো: সব যুদ্ধাপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার এবং যুদ্ধাপরাধীদের সমর্থকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান। তিনি বলেন, ইতিমধ্যে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। একই সঙ্গে বিচারপ্রক্রিয়াকে নস্যাৎ করতে স্বাধীনতাবিরোধী অপশক্তিও চক্রান্ত শুরু করেছে। তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।দেলাওয়ার হোসাইন সাঈদীর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্য সম্পর্কিত প্রশ্নের জবাবে সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, আসিফ নজরুলের বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া বক্তব্যের কারণে একজন শিক্ষকের কক্ষে তালা কিংবা আগুন লাগানোর চেষ্টা সমর্থনযোগ্য নয়।আনোয়ার হোসেন বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ। তাই এ বিষয়ে ভেবেচিন্তে মন্তব্য করতে হবে। এ ছাড়া যাঁরা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে গণমাধ্যম কিংবা নানা জায়গায় অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিও আমরা করছি।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সমিতির সহসভাপতি আ ব ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিতা রেজওয়ানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।