স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচার না হলে দেশ অভিশাপমুক্ত হবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক মান অনুসরণ করে বিচারকাজ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার না হলে বাংলাদেশ অভিশাপমুক্ত হবে না।প্রধানমন্ত্রী গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং জাতির স্বাধীনতাসংগ্রামের অম্লান চেতনা সমুন্নত রাখা ও বাস্তবায়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ১০ জনকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে: ১৮ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি ৫০ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলার দুই নম্বর আসামি শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের পক্ষে তাঁর স্ত্রী কোহিনূর মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জে প্রতিরোধযুদ্ধের সংগঠক তৎকালীন মহকুমা প্রশাসক শহীদ আবুল কালাম শামসুদ্দিনের পক্ষে তাঁর ছেলে আবুল কালাম সালাউদ্দিন, চাঁদপুরে মুক্তিবাহিনীর চিকিৎসকের দায়িত্ব পালন করা মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা নয়ীম গহর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, কৃষিবিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা, পদার্থবিদ কামরুল হায়দার ও শিক্ষাবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন।সাংবাদিকতায় দৈনিক সংবাদ-এর সাবেক সম্পাদক বজলুর রহমানের পক্ষে তাঁর স্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সাহিত্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজলের পক্ষে তাঁর মেয়ে মমতাজ জাহান পুরস্কার নেন।