যুদ্ধাপরাধীদের বিচার না হলে দেশ তালেবানি রাষ্ট্র হবে: আমু
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করা না গেলে দেশ অকার্যকর ও তালেবানি রাষ্ট্রে পরিণত হবে।গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমির হোসেন আমু বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন কঠিন জেনেও প্রধানমন্ত্রী এই বিচারকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। যুদ্ধাপরাধের বিচারের ইস্যুতে আমরা পরাজিত হলে দেশ তালেবানি রাষ্ট্রে পরিণত হবে।’ তিনি বলেন, মিছিলের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক শক্তি যারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের দেখিয়ে দেওয়া হবে যে দেশের মানুষ এই বিচার চায় এবং এটি তাদেরই দাবি।দেশের মানচিত্র পরিবর্তন হতে পারে বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘তাঁদের আসল উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করা। তাঁর এই বক্তব্যের মাধ্যমে সেই পরিস্থিতি তৈরি করছেন।’মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণ-আজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, জাসদের নেত্রী শিরীন আখতার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।