যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা এ দেশ চায়নি, যারা দেশের মানুষের কল্যাণ চায়নি, তাদের যেন দেশ থেকে নিশ্চিহ্ন করা যায়—সে জন্য শিশুদের প্রকৃত ইতিহাস জানতে দিন। তাদের দেশপ্রেমিক সিদ্ধান্ত নেওয়ার উপযোগী করে তুলুন। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করুন। সরকার ও দেশবাসীর প্রতি এই আহ্বান জানিয়েছেন অগ্নিযুগের বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিজের জন্মশতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত খেলাঘর আসর ও কচি কাঁচার মেলার শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘ভীরুতা ও কাপুরুষতা কাটিয়ে অন্যায় আর অসত্যের বিরুদ্ধে দাঁড়াতে শেখো। মনে রেখো, জীবনের অর্থ আছে। শুধু খেয়ে-বসে কাটানোর জন্য জীবন নয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের সাক্ষ্য চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে শহীদ মিনার তৈরি করুন। আমাদের উত্তরসূরিরা সেসব ইতিহাস যেন জানতে পারে, সে ব্যবস্থা করে দিন। শুধু বঙ্গবন্ধুর খুনিদের বিচারেই দেশে সম্পূর্ণ স্বস্তি আসবে না, যুদ্ধাপরাধীদের বিচারও নিশ্চিত করুন।’ অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আজ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর সামনে দাঁড়িয়ে শিশুরা যদি নিজেদের প্রস্তুত করার প্রতিজ্ঞা নেয়, সেটা বিফলে যাবে না। তিনি আমাদের সবার কাছে আজও সাহসী মানুষের প্রতীক। বিচারপতি গোলাম রাব্বানী নানা স্তরের দেশপ্রেমিক নাগরিকের সম্মিলন ঘটায় উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজ নিজ দায়িত্বটুকু পালনের সততা থাকলেই অনেক দূর এগিয়ে যাওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন। জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদ ঢাকা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনের মূল লক্ষ্য ছিল বর্ষীয়ান এই বিপ্লবীকে শুভেচ্ছা জানানো এবং আজকের শিশুদের মধ্যে তাঁর আদর্শের শিখা জ্বালানো। আয়োজক সংগঠনের প্রতিনিধিরা বলেন, শিশুরা যেন বিনোদবিহারী চৌধুরীর মতো দেশপ্রেমিক ও বিপ্লবের মতো দৃঢ় হতে পারে সে লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানে খেলাঘরের শিশুরা গান গেয়ে বিনোদবিহারী চৌধুরীকে শ্রদ্ধা জানায়। দেশাত্মবোধক আর অধিকারের গানে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত অনেকেই যার যার জায়গায় বসে কণ্ঠ মেলান। ‘আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে’ গান গেয়ে শিশুরা প্রতিজ্ঞা করে দেশকে ভালোবাসার, দেশের জন্য কাজ করার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফি, নাট্যকার খায়রুল আলম সবুজ প্রমুখ। আজ শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিনোদবিহারী চৌধুরীর বিপ্লবী জীবনের একশ বছর নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র অগ্নিপুরুষ প্রদর্শিত হবে। আয়োজকেরা জানিয়েছেন, আজ বিকেল চারটায় বিশিষ্টজনদের মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হবে আজকের অনুষ্ঠান।