যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে তরুণ প্রজন্মের আন্দোলনকে প্রতিটি স্তর থকে আরও বেগবান করার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অগ্রণী ব্যাংক জাতীয় পতাকা উৎসব-২০১৩’। ‘আমাদের পতাকা, আমাদের অর্জন’ এ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে উৎসবের উদ্বোধন করা হয়। টিএসসিকেন্দ্রিক ‘জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন’ এ উৎসবের আয়োজন করে। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস।উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপসেনাপতি ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেন, সারা জাতি আজ মানবতাবিরোধীদের রুখে দাঁড়িয়েছে। জাতির ভবিষ্যৎ তরুণ প্রজন্ম তার নেতৃত্বে রয়েছে। তাদের আন্দোলন অবশ্যই সফল হবে।তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা পরস্পরের সঙ্গে দেখা হলে একে অপরকে বলতাম “জয় বাংলা”।’ তিনি এখন থেকে সে সংস্কৃতি আবারও চালু করার জন্য সবার প্রতি আহ্বান জানান।শিবনারায়ণ দাস বলেন, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ হাটে-বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। তবে বর্তমান প্রজন্ম সত্যিকার ইতিহাস খুঁজে নেবে। দুঃখজনক যে, স্বাধীনতার ৪২ বছরেও প্রকৃত ইতিহাস মানুষের কাছে তুলে দিতে ব্যর্থ এ জাতি। ১৯৭১ সালের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, ৪২ বছর ধরে জাতির কাঁধে অনেক কলঙ্ক ছিল। কিন্তু নতুন প্রজন্মকে সে কলঙ্ক থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে। এ তরুণ প্রজন্ম কোনো জাতির নয়, দলের নয়, গোষ্ঠীর নয়। তারা সবার।জাতীয় পতাকা উৎসব-২০১৩-এর প্রধান উপদেষ্টা ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা সম্পাদক হামিদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে শিবনারায়ণ দাস ও নূরে আলম সিদ্দিকীকে আজীবন সম্মাননা ও প্রথম বাংলাদেশি এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘শিশুর তুলিতে আমাদের পতাকা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর সেখান থেকে জাতীয় পতাকা মিছিল বের করা হবে। মিছিলের সম্মুখভাগে থাকবে ৪২ ফুট দীর্ঘ একটি জাতীয় পতাকা।