যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কনভেনশন করবে ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জনমত গঠন করতে রাজধানীতে কনভেনশন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।গতকাল শুক্রবার সন্ধ্যায় ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কনভেনশনের তারিখ এখনো ঠিক হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তারিখ ঠিক করা হবে।আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।দীপু মনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের নেওয়া পদক্ষেপে ১৪ দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে এ বিচার নিয়ে বিরোধী দল জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। বলা হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতেই নাকি এ বিচার করা হচ্ছে। বিরোধী দলের এমন মিথ্যা ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাখ্যান করে দ্রুত বিচার সম্পন্ন করার পক্ষে দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়।পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধীদের সমর্থন না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ঘৃণ্য যুদ্ধাপরাধীদের দূরে সরিয়ে দিন, সমর্থন দেবেন না। দেশ ও জাতির স্বার্থে এ কাজটি করুন। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে।’দ্রব্যমূল্য নিয়ে অসন্তোষ: সূত্র জানায়, গতকালের বৈঠকে ১৪ দলের অনেক নেতাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা দ্রব্যমূল্য দ্রুত স্বাভাবিক অবস্থায় আনার তাগিদ দেন।তাঁদের মধ্যে ন্যাপের এনামুল হক বলেন, দ্রব্যমূল্য সীমার বাইরে চলে যাচ্ছে। জনগণ ক্ষুব্ধ। এ কারণে সরকারের অনেক ভালো অর্জনও ম্লান হয়ে যাচ্ছে।জবাবে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেঁয়াজের বদলে দেশের মানুষ ধান চাষেই অধিক আগ্রহী। পেঁয়াজ আমদানি করতে হয়। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। সরকার ওএমএসের মাধ্যমে মানুষের কাছে ন্যায্যমূল্যে খাদ্য পৌঁছে দিচ্ছে। সরকারি কর্মচারীদের রেশনের আওতায় এনে ন্যায্যমূল্যে খাদ্য বিতরণের সিদ্ধান্ত হয়েছে।শিক্ষানীতি: বৈঠকে জাতীয় শিক্ষনীতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। শিক্ষানীতি নিয়ে সাম্প্রদায়িক ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অপপ্রচারের জবাব রাজনৈতিকভাবে দেওয়ার পক্ষে মত দেওয়া হয়।বৈঠক শেষে দীপু মনি সাংবাদিকদের বলেন, বৈঠকে জাতীয় শিক্ষানীতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলা হয়, সর্বজনীন এ শিক্ষানীতি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়। অথচ একটি চিহ্নিত মহল এ শিক্ষানীতি সম্পর্কে অপব্যাখ্যা ও মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে।পৌর নির্বাচন: সূত্র জানায়, ১৪ দলের এই বৈঠকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভাগাভাগি নিয়েও কিছু আলোচনা হয়। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, মহাজোটগতভাবে পৌর নির্বাচনে অংশ নেওয়া হবে। প্রতিদিনই শরিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। দু-এক দিনের মধ্যেই শরিক দলগুলোর সঙ্গে পৃথক অথবা সমন্বিত বৈঠক করা হবে বলে তিনি জানান।বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহাজোটগতভাবেই পৌরসভা নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়া হবে। দ্রুতই শরিক দলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বা এককভাবে আলোচনা করা হবে।১৪ দলকে সক্রিয় করার উদ্যোগ: তৃণমূল পর্যায়ে ১৪ দলকে সক্রিয় করার জন্য সব দলের সাধারণ সম্পাদকদের যৌথ স্বাক্ষরে একটি চিঠি দ্রুত সারা দেশে জেলা ও উপজেলা নেতাদের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।বৈঠকের সভাপতি ১৪ দলের সমন্বয়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দেশে ফিরলেই সারা দেশে চিঠি পাঠানোর কাজ শুরু হবে।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের পক্ষ থেকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীর, মোহাম্মদ নাসিম, সতীশ চন্দ্র রায়, আবদুল মান্নান খান, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।