১৯৭১ সালের ৪ এপ্রিল যশোর শহরের বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর সদস্য ও তাদের দোসররা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের বিচার না হলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। তাই এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।গতকাল রোববার সকালে যশোর প্রেসক্লাবে ১৯৭১ সালের ৪ এপ্রিল হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদদের স্মরণে এক সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। শহীদ রহমত উল্লাহ জিন্নাহ মোছাদ্দেক স্মৃতি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান। এতে গণপরিষদের সাবেক সদস্য মঈন উদ্দিন মিয়াজী, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন, কলাম লেখক আমিরুল ইসলাম, শহীদ সৈয়দ আমির আলীর ছেলে সৈয়দ সাহাবুদ্দিন, শহীদ সুধীর ঘোষের ছেলে দেবব্রত ঘোষ প্রমুখ বক্তব্য দেন।