যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকার দৃঢ় অবস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক পর্যায় তথা জাতিসংঘে গেলেও সরকারের অবস্থানের কোনো নড়চড় হবে না। বরং দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো চিন্তাভাবনা সরকারের নেই। কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে এ অবস্থানের কথা জানা গেছে।
আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবস্থান এখন যা আছে, তা-ই থাকবে। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। অভ্যন্তরীণ আইনে সারা বিশ্বে স্বীকৃত আইনে বিচার করছি। দণ্ডও কার্যকর করছি।’ পাকিস্তান বিষয়টি নিয়ে জাতিসংঘে গেলে সরকারের অবস্থান কী হবে—এ বিষয়ে জানতে চাইলে গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
একইভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, ‘পাকিস্তান যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জাতিসংঘে গেলে তা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’ তিনি বলেন, ‘তারা যদি আন্তর্জাতিক পর্যায়ে যায়, তাহলে আমাদের জন্য একটা সুযোগ সৃষ্টি হবে। ১৯৭১ সালে তাদের অপকর্ম, হত্যাযজ্ঞ সারা পৃথিবীর কাছে তুলে ধরার সুযোগ পাব।’
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গত শুক্রবার পার্লামেন্টে বলেন, বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও অন্যান্য দেশের কাছে তুলে ধরবে পাকিস্তান।
এদিকে তুরস্ক বাংলাদেশে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বলে সে দেশের কয়েকটি সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হলেও বাংলাদেশ সরকারের কাছে এ রকম সংবাদ নেই। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘তুরস্কের রাষ্ট্রদূত অন্য একজনকে দায়িত্ব দিয়ে গেছেন। তা ছাড়া তুরস্কে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন যে পরামর্শের জন্য সে দেশের সরকার তাঁকে ডেকে পাঠিয়েছে।’
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে জানা যায়, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের বারবার উদ্বেগ প্রকাশ এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার ঘোষণাকে সরকার তেমন গুরুত্ব দিচ্ছে না। তাঁদের মতে, এটি পাকিস্তানের রাজনৈতিক অবস্থান। সরকার এটি কূটনৈতিকভাবে মোকাবিলা করছে। তাঁদের মতে, দুই দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করা কূটনৈতিক রীতিতে নতুন কিছু নয়।
গতকাল রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির পর পাকিস্তানের প্রতিক্রিয়ার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন।