যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে মন্তব্য করেননি ব্রিটিশ অধ্যাপক
যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল নিয়ে কোনো মন্তব্য করেননি ব্রিটিশ অধ্যাপক ফিলিপ স্যান্ডস। তিনি বলেন, পুরোপুরি না জেনে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না। ফিলিপ লল্ডন ইউনিভার্সিটি কলেজের আইনের অধ্যাপক। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আদালত ও ট্রাইব্যুনাল কেন্দ্রের পরিচালক।গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘আন্তর্জাতিক আইনি প্রেক্ষিতে যুদ্ধাপরাধ, দণ্ড এবং জবাবদিহিতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বক্তৃতা দেন। অনুষ্ঠানের মূল বক্তাও ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্ট্যাডিজ যৌথভাবে এ বক্তৃতার আয়োজন করে। প্রশ্নোত্তর পর্বে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন নিয়ে ফিলিপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরোপুরি না জেনে তাঁর মন্তব্য করা উচিত হবে না। বাংলাদেশে তিনি প্রথম এসেছেন। ৯/১১ ঘটনা, ইরাক ও আফগানিস্তানে তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রনায়কদের দায়বদ্ধতার প্রশ্নে তিনি বিভিন্ন মন্তব্য করেন। ২৭ মিনিটের বক্তৃতায় ফিলিপ রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আদালত ও বিভিন্ন ট্রাইব্যুনালে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রনায়কদের দায়মুক্তির বিষয়টি উপস্থাপন করেন। বহুল আলোচিত পিনোশে মামলা থেকে শুরু করে ইরাক আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রনায়কদের দায়বদ্ধতার প্রশ্নে বিভিন্ন বির্তক নিয়ে মন্তব্য করেন।