সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চলছে। কিন্তু সফল হবে না। যারা বিচারপ্রক্রিয়া বানচালের চেষ্টা করছে, তারা সভ্যতার মূলে আঘাত করছে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সৈয়দ হক এই মন্তব্য করেন। ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আবু সুফিয়ান। শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সৈয়দ শামসুল হক বলেন, সভ্যতার ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা, ভালো-মন্দ নির্ণয় করবে আইন। অপরাধ যদি হয়ে থাকে তাহলে অপরাধীকে শাস্তি দিলে মূল্যবোধ প্রতিষ্ঠা পায়। এ জন্যই যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে। সৈয়দ হক আরও বলেন, সামনে রাত্রি না দিন, এটা নির্ভর করবে সাংবাদিকদের ওপর। রাজনীতি যাঁরা করেন, তাঁদের ওপর আমি ভরসা রাখি না। আমার ভরসা কলমের ওপর। আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, মন্ত্রী থেকে শুরু করে অনেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপদেশ দেন। কিন্তু আমরা বুঝতে পারি না বস্তুনিষ্ঠ সংবাদ কী? সংবাদ কারও পক্ষে যাবে, কারও বিপক্ষে যাবে। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাশেদ রউফ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম।