যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জামায়াত-শিবির পরিকল্পিত হামলা করছে বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা কমান্ড। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশে এই অভিযোগ করা হয়।কর্মসূচিতে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ মো. ইসহাক মিয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দীন আহমদ। বক্তারা বলেন, একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত জামায়াত নেতাদের বিচার বানচালের জন্য জামায়াত-শিবির চক্র মরিয়া হয়ে উঠেছে। তারা সারা দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা শুরু করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পরিকল্পিত হামলা চালিয়ে যাচ্ছে। কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন থানা থেকে মুক্তিযোদ্ধারা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যোগ দেন। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।